আন্দোলনে ‘অচল’ ঢাকা, পরবর্তী কর্মসূচি সন্ধ্যায়
| ছবি সংগ্রহ। |
সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন সন্ধ্যা ৭টায়। এর আগ পর্যন্ত চলমান থাকবে ব্লকেড কর্মসূচি।
বুধবার (১০ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনের মূলমঞ্চ শাহবাগ থেকে এই ঘোষণা দেন সমন্বয়কদের একজন হাসনাথ আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি—আমরা সন্ধ্যা ৭টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারির প্রতিক্রিয়ায় কোটাবিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন, কোটাব্যবস্থা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলছেন, তারা এ বিষয়ে নির্বাহী বিভাগের কাছ থেকে সিদ্ধান্ত চান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মহাখালীসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ফলস্বরূপ এই সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।
এর আগে, সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সাড়ে ১০টার পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শাহবাগ এসে শেষ হয়।
আন্দোলনকারীদের একটি অংশকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে এসে স্লোগান দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে আসতে উৎসাহিত করতে দেখা যায়।
0 Comments